বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার পরিবারের সদস্যদের বিদেশযাত্রার অনুমতি চেয়ে করা আবেদন আবারও খারিজ করে দিয়েছেন আদালত।
ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ সোমবার শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
আদালত সূত্রে জানা যায়, আহমেদ আকবর সোবহানসহ তার পরিবারের সদস্যরা এর আগেও একাধিকবার বিদেশযাত্রার অনুমতির জন্য আবেদন করেছিলেন। তবে প্রতিবারই আদালত তা নামঞ্জুর করে আসছে। ২০২৪ সালের ডিসেম্বর এবং ২০২৫ সালের অক্টোবরেও চিকিৎসা ও অন্যান্য কারণ দেখিয়ে করা আবেদনও প্রত্যাখ্যাত হয়।
সর্বশেষ ২০২৬ সালের ২৭ এপ্রিল করা আবেদনে আহমেদ আকবর সোবহানের পাশাপাশি তার স্ত্রী আফরোজা বেগম, দুই ছেলে সাফিয়াত সোবহান সানভীর ও সাফওয়ান সোবহান এবং সায়েম সোবহান আনভীরের স্ত্রী সাবরিনা সোবহান অন্তর্ভুক্ত ছিলেন। তাদের পক্ষে আবেদন করেন আইনজীবী এনামুল হক সর্দার।
শুনানিতে দুদকের পক্ষে আইনজীবীরা আদালতে বলেন, আহমেদ আকবর সোবহান ও তার স্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে। তাই জামিন ছাড়া বিদেশযাত্রার অনুমতি দেওয়া সম্ভব নয়। একই সঙ্গে পরিবারের অন্য সদস্যদের আদালতে উপস্থিত না হয়ে এমন আবেদন করার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আবেদনটি নামঞ্জুর করেন।
এর আগে ২০২৪ সালের ২১ অক্টোবর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আহমেদ আকবর সোবহানসহ পরিবারের আট সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়। ওই আবেদনে তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং, কর ফাঁকি, ভূমি দখল, ঋণ জালিয়াতি, অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলমান থাকার কথা উল্লেখ করা হয়।
তদন্ত ও বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী বসুন্ধরা পরিবারের বিদেশে বিপুল পরিমাণ সম্পদের খোঁজ পাওয়া গেছে। যুক্তরাজ্যের সারে এলাকায় তাদের একাধিক বিলাসবহুল সম্পত্তির মালিকানার তথ্য রয়েছে। ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসের মাধ্যমে প্রায় ১৩ মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পত্তি কেনার বিষয়ও উঠে এসেছে বিভিন্ন নথিতে। পাশাপাশি বিভিন্ন প্রতিবেদনে যুক্তরাজ্যে মোট ২৬টি সম্পত্তির মালিকানার কথাও উল্লেখ করা হয়েছে, যার আর্থিক মূল্য হাজার কোটি টাকার বেশি বলে ধারণা করা হয়।