বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে একটি প্রবণতা হলো— অসুস্থ হলে নেতারা দ্রুত বিদেশে চিকিৎসার জন্য ছুটে যান। এই ধারা দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা কমিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর ইব্রাহিমপুরে মনিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এক ফ্রি মেডিকেল ক্যাম্পে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, সাধারণ মানুষ বিদেশে চিকিৎসা নিতে পারে না, অথচ রাজনীতিবিদরা সামান্য অসুস্থ হলেই বিদেশমুখী হন। “যেখানে সাধারণ মানুষ দেশীয় চিকিৎসার ওপর নির্ভর করছে, সেখানে আমার বিদেশে যাওয়ার প্রশ্নই ওঠে না।”
তিনি আরও বলেন, দেশের চিকিৎসা নিয়ে তার আস্থা সবসময়ই অটুট ছিল। সেই আস্থা পুনঃস্থাপনে ও মানুষের মনে সাহস জাগাতে আল্লাহর ওপর ভরসা রেখে তিনি দেশেই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
রাজনীতিক সহকর্মীদের উদ্দেশে তিনি আহ্বান জানান— “বিদেশে দৌড়াবেন না, বাংলাদেশেই চিকিৎসা করুন। তাহলে চিকিৎসা খাতের দুর্বলতাগুলোও চিহ্নিত হয়ে সমাধানের সুযোগ তৈরি হবে।”
এ সময় তিনি ঘোষণা দেন, আগামী নির্বাচনে জামায়াতের পক্ষ থেকে নির্বাচিত কোনো সংসদ সদস্য করমুক্ত গাড়ি বা কম মূল্যে সরকারি প্লট নেবেন না। একই সঙ্গে ভয়হীন, মানবিক, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র গঠনে জনগণকে সচেতন সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।