পোস্টে মোনামি জানান, এক বন্ধুর শেয়ার করা একটি ভিডিও শুধু বন্ধুদের দেখার জন্য উন্মুক্ত ছিল। পরে সেটি নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করেন তিনি। বন্ধু তালিকার বাইরে ভিডিওটি ছড়িয়ে পড়বে না বলেই তাঁর ধারণা ছিল। কিন্তু ভিডিওটি সংবাদমাধ্যমে পাঠানোয় বিস্ময় ও অসন্তোষ প্রকাশ করেন তিনি।
ভিডিওটি সংবাদমাধ্যমে পাঠানো ব্যক্তিকে উদ্দেশ করে মোনামি লেখেন, হয়তো কিছু অর্থ উপার্জনের আশায় এমনটি করা হয়েছে। তবে ওই ব্যক্তির জন্য সম্মানজনক ও হালাল উপায়ে উপার্জনের পথ খুঁজে পাওয়ার প্রার্থনা করেন তিনি।
নিজের নাচ নিয়ে সমালোচনার আশঙ্কার প্রসঙ্গে মোনামি বলেন, বয়স কিংবা শারীরিক গঠন নাচের জন্য উপযুক্ত কি না, তা নিয়ে তিনি ভাবেন না। একজন নৃত্যশিল্পীর ক্ষেত্রে নির্দিষ্ট বয়স বা শারীরিক গঠন থাকা জরুরি, এমন ধারণারও ভিত্তি নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
ভিডিও প্রকাশ হলে রাজনৈতিকভাবে বিদ্বেষী ব্যক্তিদের ট্রলের মুখে পড়তে পারেন, এমন আশঙ্কা আগে থেকেই ছিল বলে জানান মোনামি। তবে তাতে তাঁর আপত্তি ছিল না। কারণ, ভিডিওটি ছিল তাঁর একমাত্র ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানের। ভাইয়ের বিশেষ দিনে নাচার ইচ্ছা তাঁর দীর্ঘদিনের।
পোস্টে নিজের অবস্থান স্পষ্ট করে মোনামি লেখেন, ওই অনুষ্ঠানে নেচে তিনি কোনো লজ্জা বা বিব্রতবোধ করছেন না। নাচের মধ্য দিয়ে আনন্দ প্রকাশ করেছেন তিনি। তাঁর ভাষায়, ‘একটার তো ভিডিও পেয়েছেন। ৫টায় নেচেছি। বেশ করেছি।’