বাংলাদেশের নতুন প্রজন্মের পেজেন্ট-স্বপ্ন দেখা তরুণীদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও প্রস্তুতি দেওয়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে টিফাস ট্রেনিং একাডেমি। এই উদ্যোগের মূল উদ্দেশ্য দেশের বিভিন্ন প্রান্তে থাকা সম্ভাবনাময় নতুন প্রতিভাদের খুঁজে বের করে সঠিক গ্রুমিং, দিকনির্দেশনা ও আত্মবিশ্বাসের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনের জন্য প্রস্তুত করে তোলা।
একাডেমিটি পরিচালিত হবে Miss Bangladesh USA Organization-এর সহযোগিতায়। এই অংশীদারিত্বের মাধ্যমে আন্তর্জাতিক মানের পেজেন্ট প্রশিক্ষণ, অভিজ্ঞতা ও সুযোগ-সুবিধা নতুন প্রজন্মের প্রতিযোগীদের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
একজন আন্তর্জাতিক পেজেন্ট প্রতিযোগী হিসেবে Tifa নিজেই Miss Grand Bangladesh 2022 এবং Miss Supranational Bangladesh 2024 হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। নিজের সেই অভিজ্ঞতা থেকেই তিনি উপলব্ধি করেছেন যে, জাতীয় পর্যায়ে নির্বাচিত হওয়ার পর আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতির জন্য সময় খুবই সীমিত থাকে। অল্প সময়ের মধ্যে ফটোশুট, ভিডিও কনটেন্ট, ওয়ারড্রোব পরিকল্পনা, ব্যক্তিত্ব উন্নয়ন, স্টেজ প্রেজেন্স, পাবলিক স্পিকিং, ইন্টারভিউ দক্ষতা, ফিটনেস ও মানসিক প্রস্তুতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পন্ন করতে হয়।
এই বাস্তব অভিজ্ঞতাই টিফাস ট্রেনিং একাডেমি প্রতিষ্ঠার অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। একাডেমিটির লক্ষ্য হলো আন্তর্জাতিক সুযোগ আসার অনেক আগেই প্রতিযোগীদের এমনভাবে প্রস্তুত করা, যাতে তারা Miss World, Miss Universe, Miss Grand International, Miss Supranationalসহ বিশ্বের যেকোনো মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পেজেন্টে আত্মবিশ্বাসের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারেন।
একাডেমির প্রশিক্ষণ কার্যক্রমে থাকবে আন্তর্জাতিক মানের পেজেন্ট গ্রুমিং, ক্যাটওয়াক, স্টেজ প্রেজেন্স, পাবলিক স্পিকিং, ইন্টারভিউ স্কিল, ব্যক্তিত্ব বিকাশ, পার্সোনাল ব্র্যান্ডিং, অ্যাডভোকেসি ডেভেলপমেন্ট, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য প্রয়োজনীয় বিভিন্ন প্রস্তুতি।
এই উদ্যোগের অন্যতম অনুপ্রেরণা Miss Bangladesh USA Organization-এর প্রতিষ্ঠাতা ও সিইও Hiyam Amani Hafizuddin। পেজেন্ট অঙ্গনে তাঁর দীর্ঘদিনের নেতৃত্ব, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি এবং নতুন প্রতিভা গড়ে তোলার প্রচেষ্টা তাঁকে অনেকের কাছে ‘Queen Maker’ হিসেবে পরিচিত করেছে। তাঁর নেতৃত্বে বহু বাংলাদেশি প্রতিযোগী আন্তর্জাতিক মঞ্চে নিজেদের তুলে ধরার সুযোগ পেয়েছেন।
Tifa বলেন, “আমি নিজেই সীমিত সময়ের মধ্যে আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতি নেওয়ার চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলাম। তাই চাই, ভবিষ্যতের প্রতিযোগীরা যেন আগে থেকেই আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, আত্মবিশ্বাস ও সঠিক দিকনির্দেশনা নিয়ে নিজেদের গড়ে তুলতে পারেন।”
টিফাস ট্রেনিং একাডেমি বিশ্বাস করে, একজন সফল পেজেন্ট কুইন শুধু একটি মুকুটের অধিকারী নন; তিনি একজন আত্মবিশ্বাসী, দক্ষ, দায়িত্বশীল এবং প্রভাবশালী নারী। সেই লক্ষ্যেই ভবিষ্যতের এমন নেতৃত্বগুণসম্পন্ন নারীদের তৈরি করতে কাজ করবে প্রতিষ্ঠানটি, যারা বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে দেশের জন্য গর্ব বয়ে আনবেন।