বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) উপজেলার জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানে অপু বিশ্বাস শুধু বক্তব্যই দেননি, বরং তিনি মঞ্চে কেক কাটায়ও অংশ নেন। এরপর দ্রুত তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি বিএনপির প্রশংসা করেন বলেও জানা গেছে।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, অপু বিশ্বাস বিএনপির ব্যানারে আয়োজিত মঞ্চে কেক কাটছেন এবং ছবি তুলছেন। ভিডিওতে একজন সাবেক ছাত্রনেতা তাকে কেক খাইয়ে দিচ্ছেন। এ ঘটনায় অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।
উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন খান জানিয়েছেন, যে রিপন হোসেন এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, তিনি বিএনপির কোনো পদে নেই। তিনি সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহম্মেদ রুমীর অনুসারী। সভাপতির মতে, এই আয়োজনের মধ্য দিয়ে বিএনপিকে হেয় করা হয়েছে।
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, "অপু বিশ্বাস শুধু একজন অভিনেত্রী নন, তার একটি দলীয় পরিচয়ও রয়েছে। তাকে বিএনপির অনুষ্ঠানে এনে ২৪-এর শহীদদের অপমান করা হয়েছে।"
এদিকে, এই আয়োজনটি একটি সরকারি বিদ্যালয়ের ভেতরে করা হয়েছে, যেখানে পরীক্ষা ও ক্লাস চালু ছিল। স্কুলের মাঠে বিএনপির কর্মীদের জন্য ভোজেরও ব্যবস্থা করা হয়েছিল, যা বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ব্যাহত করেছে। আয়োজক রিপন হোসেন তার অভিজ্ঞতার ঘাটতির কথা স্বীকার করে এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন।