রংপুরে বুধবার (১৩ আগস্ট) বিকেলে জেলা ও মহানগর জাতীয় পার্টির বিক্ষোভ সমাবেশে বক্তৃতা দেন দলের কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা। সেখানে তিনি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার ও মুজিবুল হক চুন্নুকে রংপুর বিভাগে অবাঞ্ছিত ঘোষণা করেন।
মোস্তফা অভিযোগ করেন, এ তিন নেতা আওয়ামী লীগের ঘনিষ্ঠ হয়ে দলের ঐক্য নষ্টের চেষ্টা করছেন এবং অতীতে শেখ হাসিনার ছবি ব্যবহার করে নির্বাচন করেছেন। তিনি বলেন, “রংপুর ডিভিশনে এই দালালচক্র অবাঞ্ছিত। যেখানেই তাদের দেখা যাবে, বাজপাখির মতো ধরে এনে রাজপথে দাঁড় করানো হবে।”
বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশে খুন-খারাপি বেড়েছে, দিনের বেলায় মানুষকে পিটিয়ে বা কুপিয়ে হত্যা করা হচ্ছে, শিশু হত্যার ঘটনাও ঘটছে। এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় উল্লেখ করে তিনি প্রস্তাব দেন, সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করে ধাপে ধাপে জাতীয় নির্বাচন করতে হবে।
তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করার ষড়যন্ত্র চলছে এবং দলের কয়েকজন নেতা এতে জড়িত। বৈষম্যবিরোধী আন্দোলনে ২২টি মামলা, ৪ জন গ্রেপ্তার ও ২ জন নিহত হওয়ার কথা উল্লেখ করে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান।
বিক্ষোভ মিছিলটি সেন্ট্রাল রোড থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে শেষ হয়। এ সময় তিন নেতার কুশপুত্তলিকা বহন করে জুতা নিক্ষেপ ও আগুন দিয়ে উল্লাস প্রকাশ করেন নেতাকর্মীরা।