এক বিজ্ঞপ্তিতে মেটা জানিয়েছে, নতুন এই ব্যবস্থার নাম ফেসবুক ভেরিফায়েড। এতে পরিচয় নিশ্চিত করতে ব্যবহারকারীকে একটি সংক্ষিপ্ত ভিডিও সেলফি জমা দিতে হবে। এরপর সেই ভিডিওর সঙ্গে অ্যাকাউন্টের বিদ্যমান প্রোফাইল ছবি মিলিয়ে পরিচয় যাচাই করা হবে। পুরো প্রক্রিয়া কয়েক মিনিটের মধ্যেই শেষ হবে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
মেটা আরও জানায়, কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতির ফলে বর্তমানে ভুয়া ছবি, নকল পরিচয় এবং কৃত্রিম কথোপকথন তৈরি করা অনেক সহজ হয়ে গেছে। ফলে কোনো অ্যাকাউন্টের পেছনে প্রকৃত ব্যক্তি রয়েছেন কি না, তা নিশ্চিত করার প্রয়োজনীয়তা আগের চেয়ে বেড়েছে।
এই সুবিধা ব্যবহার করতে হলে আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। একই সঙ্গে অ্যাকাউন্টটি ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী ভালো অবস্থায় থাকতে হবে। প্রতারণা, জালিয়াতি বা সন্দেহজনক কার্যকলাপে জড়িত অ্যাকাউন্টগুলো ভেরিফিকেশনের জন্য বিবেচিত হবে না।
তবে প্রাথমিকভাবে এই ফ্রি ভেরিফিকেশন ফিচার ফেসবুক পেজ কিংবা প্রফেশনাল মোড অ্যাকাউন্টের জন্য চালু হচ্ছে না। এটি সাধারণ ব্যক্তিগত প্রোফাইল ব্যবহারকারীদের জন্য নির্ধারিত।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শুরুতে সীমিত সংখ্যক দেশে পরীক্ষামূলকভাবে ফিচারটি চালু করা হবে। পরে ধাপে ধাপে অন্যান্য দেশেও এটি সম্প্রসারণ করা হবে। তবে প্রথম ধাপে কোন কোন দেশ এ সুবিধা পাবে, সে বিষয়ে এখনো কোনো তালিকা প্রকাশ করা হয়নি।
যারা সফলভাবে পরিচয় যাচাই সম্পন্ন করবেন, তাদের প্রোফাইলে ব্লু ভেরিফায়েড ব্যাজ যুক্ত হবে। শুরুতে এই ব্যাজ ফেসবুক প্রোফাইল, মার্কেটপ্লেস, গ্রুপ এবং ফেসবুক ডেটিং সেবায় দেখা যাবে। ভবিষ্যতে নিউজ ফিডেও এটি প্রদর্শনের পরিকল্পনা রয়েছে।
মেটা আরও স্পষ্ট করেছে, এই ব্যাজ কোনো ব্যক্তির সততা, সুনাম বা বিশ্বাসযোগ্যতার নিশ্চয়তা নয়। এটি কেবল সংশ্লিষ্ট অ্যাকাউন্টের পরিচয় যাচাই সম্পন্ন হয়েছে, সেই তথ্যই নির্দেশ করবে। তাই অনলাইনে লেনদেন বা ব্যক্তিগত তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে ব্যবহারকারীদের আগের মতোই সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।