সোমবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে প্যারিসের ঐতিহাসিক থিয়েটার দু শাতেলে অনুষ্ঠিত ৬৯তম ব্যালন ডি’অরের অনুষ্ঠানে ২৮ বছর বয়সী উসমান ডেম্বেলেকে ট্রফি তুলে দেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনিয়ো।
বার্সেলোনার সাবেক কোচ জাভি ২০২১ সালে বলেছিলেন, “সঠিকভাবে ব্যবহার করা হলে, সে বিশ্বের সেরা খেলোয়াড় হয়ে উঠতে পারে।” সেই ভবিষ্যদ্বাণী আজ সত্যি হলো। ২০১৭ সালে বরুশিয়া ডর্টমুন্ড থেকে ১৩৫.৫ মিলিয়ন পাউন্ডে বার্সেলোনায় যোগ দেওয়ার সময় দেম্বেলে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ দামী খেলোয়াড় ছিলেন। তবে চোট, অনিয়মিত পারফরম্যান্স ও মানসিক চাপের কারণে তার ক্যারিয়ার ঝড়ো ছিল।
অসাধারণ ২০২৪-২৫ মৌসুমে দেম্বেলে পিএসজি-কে একসঙ্গে তিনটি শিরোপা জেতাতে সাহায্য করেছেন—লীগ ওয়ান, কুপ দে ফ্রান্স এবং উয়েফা চ্যাম্পিয়নস লিগ। এছাড়া ক্লাব বিশ্বকাপের ফাইনালেও দলটি পৌঁছায়। মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ৩৫ গোল ও ১৪টি অ্যাসিস্ট করেন।
পুরস্কার হাতে পেয়ে দেম্বেলে কান্নায় ভেঙে পড়েন এবং পরিবারের ত্যাগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার এই অর্জনকে হালকাভাবে নেওয়া যায় না; তিনি লিভারপুলের মোহাম্মদ সালাহ, রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে এবং বার্সেলোনার লামিন ইয়ামাল ও রাফিনহাকে পিছনে ফেলে এই সাফল্য অর্জন করেছেন।
দেম্বেলের রূপান্তর শুরু হয় বার্সেলোনায়, তবে পিএসজিতে যোগ দেওয়ার পর তার তারকা হওয়ার স্বপ্ন আরও বড় আকার নেয়। ফরাসি ক্লাব থেকে এমবাপ্পের বিদায় এবং রিয়াল মাদ্রিদে যোগ দেওয়াই যেন তার জন্য ক্যারিয়ারের পাজলের শেষ টুকরো হয়ে দাঁড়ায়। কোচ লুইস এনরিকে তাঁকে বলেন, “এখন আমরা তোমার কাছ থেকে গোল চাই, আমরা চাই তুমি কিছুটা স্বার্থপর হও।” কোচিং স্টাফও বারবার বলতেন: “ব্যালন ডি’অর, ব্যালন ডি’অর, ব্যালন ডি’অর।”
সব আস্থা ও প্রত্যাশার প্রতি সাড়া দিয়ে ব্যালন ডি’অরের রাত নিজের করে নিলেন উসমান ডেম্বেলে।