বুধবার (১৪ অক্টোবর) ক্রিকেটার এসএম মেহেরাব হোসেন রাজপাড়া থানায় লিখিত অভিযোগ দেন। লাগেজ উদ্ধারে রাজশাহী ও নাটোর জেলা পুলিশ যৌথভাবে কাজ করছে।
মঙ্গলবার রাতে ৫৪টি লাগেজ নিয়ে বিসিবির একটি কাভার্ডভ্যান রাজশাহীর উদ্দেশে রওনা হয়। পরদিন সকালে হোটেলে পৌঁছে আটটি লাগেজ না পাওয়ার বিষয়টি ধরা পড়ে। চালকের ভাষ্য, পথে একটি ফিলিং স্টেশনে গিয়ে তিনি গাড়ির পেছনের দরজা খোলা দেখতে পান।
অভিযোগ অনুযায়ী, মেহেরাবের লাগেজে পাসপোর্ট, আইফোন ১৫ প্রো-ম্যাক্স, ৩০০ মার্কিন ডলার ও তিন লাখ টাকা ছিল। অন্য লাগেজগুলোতে বিভিন্ন ক্রিকেটারের পোশাক, জুতা ও মূল্যবান সামগ্রী ছিল। ক্রিকেটার আব্দুল কাদেরের লাগেজে প্রায় ৬০ হাজার টাকা মূল্যের ম্যাসাজ বেল্ট এবং মোহর শেখ অন্তরের লাগেজে প্রায় ৩০ হাজার টাকা মূল্যের একটি জেবিএল স্পিকার ছিল।
রাজশাহী বিভাগীয় ক্রিকেট দলের ব্যবস্থাপক তৌহিদ তারেক বলেন, এ ঘটনায় তাঁরা বিব্রত ও মর্মাহত। অভিযোগ পাওয়ার পর পুলিশ তৎপরতা শুরু করেছে এবং দুই জেলার পুলিশ সমন্বিতভাবে লাগেজ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
রাজশাহী বিভাগের পরবর্তী ম্যাচ আগামী ১৮ অক্টোবর চট্টগ্রাম বিভাগের বিপক্ষে। লাগেজ হারিয়ে গুরুত্বপূর্ণ কাগজপত্র, ব্যক্তিগত মালামাল ও খেলার সরঞ্জাম নিয়ে উদ্বেগে রয়েছেন ক্রিকেটাররা।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ঘটনাটি রাজশাহী অথবা নাটোরের মহাসড়ক এলাকায় ঘটে থাকতে পারে। দুই জেলার পুলিশ যৌথভাবে তদন্ত করছে এবং রাজপাড়া থানা থেকে প্রযুক্তিগত সহায়তা দেওয়া হচ্ছে। তবে বুধবার সন্ধ্যা পর্যন্ত খোয়া যাওয়া লাগেজ উদ্ধার করা সম্ভব হয়নি।