আজ শনিবার (১৩ নভেম্বর) জাতীয় ফুটবল স্টেডিয়ামে দুপুর আড়াইটায় অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে চট্টগ্রাম অঞ্চলের চ্যাম্পিয়ন চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির বিপক্ষে মাঠে নামে গণ বিশ্ববিদ্যালয়।
ম্যাচের শুরুতে শক্তি ও খেলার দৌড়ে দুই দলই সমানভাবে লড়াই করলেও দ্রুতই নিয়ন্ত্রণ নিজের হাতে নেয় গণ বিশ্ববিদ্যালয়। ম্যাচের ২৯তম মিনিটে সাইফ সামসুদের গোলে দলটি এগিয়ে যায়। প্রথমার্ধে আরও একটি গোল করেন হীরা ঘোষ। এতে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় দলটি।
দ্বিতীয়ার্ধে আক্রমণগত গতি আরও বাড়ায় গণ বিশ্ববিদ্যালয়। রাফায়েল টুডুর দুই গোল এবং সাইফ সামসুদের হ্যাটট্রিকের মাধ্যমে দলটি একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে চাপে রাখে। শেষ পর্যন্ত ৬-০ ব্যবধানে জয় তুলে ফাইনালে নিশ্চিত করে গণ বিশ্ববিদ্যালয়।
ম্যাচে গণ বিশ্ববিদ্যালয়ের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ আরাফাত মিয়া। তবে ইনজুরির কারণে তাকে কিছু সময় মাঠ ছাড়তে হয়েছে।
টুর্নামেন্টের প্রথম আসরের চ্যাম্পিয়ন দল এবারের আসরেও ধারাবাহিক ও আত্মবিশ্বাসী ফুটবল উপহার দিয়ে চলেছে। খেলার দ্বিতীয়ার্ধে দলটি শৃঙ্খলাপূর্ণ রক্ষণভাগ, সমন্বিত মিডফিল্ড এবং ধারালো আক্রমণের নৈপুণ্য দেখিয়েছে।
ম্যাচ জুড়ে গণ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফরোয়ার্ড ও উইঙ্গারদের আক্রমণ কার্যকর ও প্রাণবন্ত ছিল। একই সঙ্গে মিডফিল্ড নিয়ন্ত্রণ এবং গোলরক্ষকের দৃঢ় পারফরম্যান্স চিটাগং ইনডিপেনডেন্টের ঘুরে দাঁড়ানোর সব প্রচেষ্টা ব্যর্থ করে দেয়।
ম্যাচ শেষে হ্যাটট্রিকসহ অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন গণ বিশ্ববিদ্যালয়ের সাইফ সামসুদ।
আগামী সোমবার (১৫ ডিসেম্বর) জাতীয় ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। শিরোপা নির্ধারণী এই ম্যাচে গণ বিশ্ববিদ্যালয় মুখোমুখি হবে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সঙ্গে। ম্যাচটি শুরু হবে বিকেল ২টা ৩০ মিনিটে।