আলোচনায় গুরুত্ব পায় পুলিশ বাহিনীর প্রশিক্ষণ ও সংস্কার, গণমাধ্যমের সঙ্গে পুলিশের সম্পর্ক, মতপ্রকাশের স্বাধীনতা এবং সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
ইউনেস্কো প্রতিনিধিরা জানান, পুলিশের প্রশিক্ষণ কার্যক্রম নিয়ে ইতোমধ্যে আইজিপির সঙ্গে তাদের আলোচনা হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে আগামী জুন থেকেই এ কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। এর আগে জাতীয় নির্বাচনের পূর্বে সংস্থাটি প্রায় ৭০০ পুলিশ কর্মকর্তাকে প্রশিক্ষণ দিয়েছিল।
স্বরাষ্ট্রমন্ত্রী এই উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করে দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন। তিনি বিভাগীয় পর্যায়ে ডিআইজি ও এসপি পদমর্যাদার কর্মকর্তাদের প্রশিক্ষণের আওতায় আনার পরামর্শ দেন। পাশাপাশি পুলিশের মিডিয়া শাখায় কর্মরত সদস্যদের অন্তর্ভুক্তির ওপরও গুরুত্বারোপ করেন এবং সুবিধার কথা বিবেচনায় সাপ্তাহিক ছুটির দিনে প্রশিক্ষণ আয়োজনের প্রস্তাব দেন।
বৈঠকে সাংবাদিকদের প্রশিক্ষণের বিষয়ও উঠে আসে। এ বিষয়ে মন্ত্রী বলেন, সরকার মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী হলেও জবাবদিহিতা নিশ্চিত করাও সমান জরুরি। তিনি পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পেশাদার সম্পর্ক আরও দৃঢ় করার ওপর জোর দেন।
প্রতিনিধিদলে ইউনেস্কো বাংলাদেশের হেড অব কমিউনিকেশন ফারহানা শাহনাজ ও মিডিয়া প্রজেক্ট লিড শাকিল এম ফয়সল উপস্থিত ছিলেন। এছাড়া মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।