ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৩ মে) সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনী ইশতেহার ও জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদের সব অঙ্গীকার ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
দেশের যেকোনো পরিস্থিতিতে দায়িত্ব পালনের জন্য জেলা প্রশাসকদের প্রস্তুত থাকতে নির্দেশ দেন তিনি। একই সঙ্গে জনপ্রশাসনের প্রতিটি পদকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখার আহ্বান জানিয়ে বলেন, সরকার যেমন স্থায়ী নয়, তেমনি প্রশাসনিক কোনো পদও স্থায়ী নয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান আরও বলেন, দেশে দারিদ্র্য ও বেকারত্ব বেড়েছে, অনেক প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়েছে। তবে জনগণের ভোগান্তি না বাড়িয়ে সমাধানের পথেই এগোচ্ছে সরকার।
এ সময় সন্ধ্যার পর বিশেষ করে ৭টার পরে মার্কেট ও শপিংমলে বিদ্যুৎ ব্যবহারে সতর্কতা নিশ্চিত করতে ডিসিদের নজরদারির নির্দেশ দেন তিনি।
এর আগে সকালে সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলনের স্থানে পৌঁছান প্রধানমন্ত্রী। পথে সাধারণ মানুষ তাকে শুভেচ্ছা জানান, তিনি হাত নেড়ে সাড়া দেন।
চার দিনব্যাপী এই সম্মেলন চলবে ৬ মে পর্যন্ত। এতে জেলা প্রশাসকদের কাছ থেকে আসা ১ হাজার ৭২৯টি প্রস্তাব থেকে বাছাই করে ৪৯৮টি প্রস্তাব আলোচনায় তোলা হয়েছে।
সম্মেলনে ভূমি, আইনশৃঙ্খলা, স্থানীয় সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় রয়েছে। পাশাপাশি রাষ্ট্রপতি, স্পিকার, প্রধান বিচারপতি ও নির্বাচন কমিশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থার সঙ্গে ডিসিদের বৈঠকের সূচিও রয়েছে।