সোমবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ ও চট্টগ্রামে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সেনাসদস্য মোতায়েন করা হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার বরাবর পাঠানো এক চিঠিতে ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েনের অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের বেআইনি মিছিল, শোডাউন ও কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা এবং জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সেনা মোতায়েনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
এদিকে ২৩ জুনকে কেন্দ্র করে রাজধানীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সংস্থাটি জানিয়েছে, ১৮ হাজারের বেশি পুলিশ সদস্য মাঠে দায়িত্ব পালন করবেন।
ডিএমপির তথ্য অনুযায়ী, রাজধানীর ২০০টির বেশি গুরুত্বপূর্ণ স্থানে পিকেট ও চেকপোস্ট বসানো হবে। পাশাপাশি মহানগরের প্রবেশপথগুলোতে তল্লাশি ও নজরদারি জোরদার করা হবে।
যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ১৫টি কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া ডিবি, সিটিটিসি, এসবি ও অন্যান্য গোয়েন্দা ইউনিটও নিরাপত্তা কার্যক্রমে দায়িত্ব পালন করবে।