মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রী সম্প্রতি গঙ্গা পানি চুক্তি নবায়নের পরিবর্তে নতুন করে পর্যালোচনার কথা বলেছেন। এ বিষয়ে ভারতের অবস্থান জানতে চাইলে রণধীর জয়সওয়াল বলেন, গঙ্গাসহ দুই দেশের অভিন্ন নদীগুলোর পানি নিয়ে আলোচনার জন্য যৌথ নদী কমিশন রয়েছে এবং কারিগরি পর্যায়ে বৈঠক চলছে।
এ সময় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ঢাকা সফরের গুঞ্জন নিয়েও প্রশ্ন করা হয়। জবাবে মুখপাত্র বলেন, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য বা নতুন আপডেট নেই।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জাতিসংঘে আবারও কাশ্মীর প্রসঙ্গ তোলার বিষয়ে ভারতের প্রতিক্রিয়া জানতে চাইলে রণধীর বলেন, ভারত সরকার ওই মন্তব্য আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে। জম্মু ও কাশ্মীর ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল এবং বিষয়টি দেশটির ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের অভ্যন্তরীণ বিষয় বলেও জানান তিনি।
ইসরায়েল-ফিলিস্তিন পরিস্থিতি নিয়েও ভারতের অবস্থান তুলে ধরেন রণধীর। তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর একটি যৌথ বিবৃতি দেওয়া হয়েছে। ফিলিস্তিন ইস্যুতে ভারত দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে আগের অবস্থানেই রয়েছে।
পারস্য উপসাগরে ভারতীয় জাহাজ ও নাবিকদের বিষয়ে মুখপাত্র জানান, হরমুজ প্রণালীর পশ্চিমে ছয়টি ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এবং ভারতের দিকে আসা ছয়টি বিদেশি পতাকাবাহী জাহাজ রয়েছে। এসব ১২টি জাহাজে ১৬৩ জন ভারতীয় নাবিক কর্মরত আছেন। এ ছাড়া পুরো অঞ্চলের অন্যান্য বাণিজ্যিক জাহাজে ৪ হাজার ৫০০-এর বেশি ভারতীয় নাবিক কাজ করছেন। শিপিং মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দূতাবাসগুলো তাদের নিরাপত্তা পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছে বলে জানান তিনি।
ভারতের সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) সম্পর্কিত অবস্থান এবং ভারত-চীন সম্পর্ক নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক মন্তব্য নিয়েও ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়। এসব বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থানও স্পষ্ট করেন রণধীর জয়সওয়াল।