মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে সোমবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্য দেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়।
সাক্ষ্যে মাহমুদুর রহমান বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে ভারতের প্রয়াত রাষ্ট্রপতি ও তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জির সঙ্গে সেনাপ্রধান মঈন ইউ আহমেদের একটি চুক্তি হয়েছিল। এতে চাকরি ও নিরাপদ প্রস্থানের নিশ্চয়তা দেয়া হয়।
তিনি আরও অভিযোগ করেন, শেখ তাপস ও আওয়ামী লীগ নেতাদের পরিকল্পিত ষড়যন্ত্রেই বিডিআর হত্যাকাণ্ড সংঘটিত হয়, যার লক্ষ্য ছিল সেনাবাহিনীকে দুর্বল করা। তার ভাষায়, “আওয়ামী ফ্যাসিবাদ কোনো আকস্মিক ঘটনা নয়, এটি ছিল দীর্ঘমেয়াদি মেটিকুলাস প্ল্যানিং, যেখানে বিদেশি শক্তিও জড়িত ছিল।”
এই মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী মামুনের বিরুদ্ধে ইতোমধ্যে ৪৫ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। আসামি থেকে রাজসাক্ষী হওয়া চৌধুরী মামুনকেও সকালে আদালতে হাজির করা হয়।
অন্যদিকে, আশুলিয়ায় হত্যা ও মরদেহ পোড়ানোর আরেক মামলায় সোমবারই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।