বুধবার (১২ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসডিজি বাস্তবায়ন নিয়ে তিন দিনব্যাপী জাতীয় সম্মেলনের সমাপনী অনুষ্ঠানের পর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, অতীতে পরিসংখ্যান ব্যুরোর তথ্য নিয়ে নানা ধরনের বিভ্রান্তির অভিযোগ উঠেছে। তবে এখন সঠিক তথ্যের ভিত্তিতে সরকারি সিদ্ধান্ত নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্ভুল পরিসংখ্যান দিতে বলা হয়েছে।
তিনি বলেন, সরকারের কাছে সঠিক তথ্য না থাকলে কার্যকর নীতি প্রণয়ন করা সম্ভব নয়। তাই কোনো তথ্য প্রকাশের আগে তা যাচাই-বাছাই করা হচ্ছে।
সাম্প্রতিক মূল্যস্ফীতির পরিসংখ্যান প্রসঙ্গে আমির খসরু জানান, সংশ্লিষ্ট তথ্য একাধিকবার পর্যালোচনা করা হয়েছে। চাল ও মাংসের দামসহ বিভিন্ন পণ্যের মূল্য সম্পর্কেও তথ্য যাচাই করা হয়েছে বলে জানান তিনি। তার দাবি, সর্বশেষ প্রকাশিত মূল্যস্ফীতির পরিসংখ্যান যথাযথ যাচাইয়ের পরই প্রকাশ করা হয়েছে।
এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি বলেন, মূল্যস্ফীতি নির্ধারণের পদ্ধতি ও হিসাবের পুরো প্রক্রিয়া সাংবাদিকদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরা হবে। এর মাধ্যমে সরকারি পরিসংখ্যানের নির্ভরযোগ্যতা নিয়ে থাকা প্রশ্নগুলোরও ব্যাখ্যা দেওয়া সম্ভব হবে বলে জানান তিনি।
এসডিজি বাস্তবায়ন ও বাংলাদেশের পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো নিয়ে নীতিনির্ধারক, বিশেষজ্ঞ ও বিভিন্ন অংশীজনের আলোচনার মধ্য দিয়ে তিন দিনের জাতীয় সম্মেলনটি শেষ হয়।