দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আকাশে হঠাৎ দেখা গেছে অস্বাভাবিক এক উজ্জ্বল আলোর রেখা, যা ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। কক্সবাজার ও মাদারীপুরসহ কয়েকটি এলাকায় একই ধরনের আলোর উপস্থিতি লক্ষ্য করা যায়।
শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজারের লাবণী পয়েন্টের আকাশে প্রথম এই আলো দেখা যায়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আলোর স্থায়িত্ব ছিল প্রায় এক মিনিট। ঘটনাটি দেখে উপস্থিত অনেকে ভিডিও ধারণ করেন। কক্সবাজারের এক প্রত্যক্ষদর্শী জানান, তারা সমুদ্রসৈকতে বসে থাকার সময় হঠাৎ আকাশে ভিন্ন ধরনের উজ্জ্বল রেখা দেখতে পান, যা দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।
ভিডিও ও ছবি অনলাইনে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে নানা ধরনের জল্পনা শুরু হয়। কেউ একে অচেনা উড়ন্ত বস্তু (UFO) বলে দাবি করছেন, আবার কেউ উল্কাপাত বা সামরিক পরীক্ষার সম্ভাবনার কথাও বলছেন।
একই সময় মাদারীপুরের শিবচর, মোস্তফাপুর ও জেলা শহরেও এই আলো দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। শিবচরের এক বাসিন্দা জানান, আকাশে দীর্ঘ কয়েক মিনিট ধরে আলো চলাচল করতে দেখে তারা কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন।
এ বিষয়ে কক্সবাজার আবহাওয়া অফিসের একজন কর্মকর্তা জানান, এটি কোনো আবহাওয়াজনিত ঘটনা নয়। তার ধারণা, এটি হতে পারে কোনো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে সৃষ্ট আলোকরেখা, যা প্রতিবেশী দেশের সমুদ্রাঞ্চল থেকে নিক্ষেপের সময় দেখা যেতে পারে।
বিশেষজ্ঞদের মতে, অতীতে ভারতের বিভিন্ন ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময়ও বাংলাদেশের আকাশে এমন আলোকরেখা দেখা গেছে। সাধারণত উচ্চ বায়ুমণ্ডলে ক্ষেপণাস্ত্রের চলাচল ও জ্বালানির দহনের কারণে সূর্যাস্ত-পরবর্তী সময়ে এ ধরনের উজ্জ্বল দৃশ্য তৈরি হয়।