ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহে প্রশাসনিক ও রাজনৈতিকভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বলেন,
“ছাত্রদলের নেতাকর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে গেলে সংগঠিতভাবে মব তৈরি করে তাদের ঠেকানো হচ্ছে। এভাবে সারাদেশেই আইনবহির্ভূতভাবে প্রতিপক্ষকে দমন করা হচ্ছে।”
রিজভী আরও বলেন, “অন্তর্বর্তী সরকারকে এমন ব্যবস্থা নিতে হবে, যাতে ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে যেতে পারেন। জাতি আজ একটি গ্রহণযোগ্য নির্বাচনী রোডম্যাপের অপেক্ষায়।”
তিনি অভিযোগ করেন, রাজনৈতিক সুবিধার জন্য যেসব ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে সেগুলো অবিলম্বে বাতিল করে ভোটারবান্ধব কেন্দ্র স্থাপন করতে হবে। ফ্যাসিবাদের সময় যেসব কেন্দ্র স্থাপন করা হয়েছিল সেগুলো ছিল উদ্দেশ্যপ্রণোদিত।
প্রসঙ্গত, গত রবিবার শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ডাকসু নির্বাচনের ফরম তুলতে গেলে ছাত্রদলের এক নেত্রীকে বাধা দেওয়া হয়। এ সময় তাঁকে আটকে রাখতে সংগঠিতভাবে মব তৈরি করা হয়েছিল বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল।