ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে নগরের পাহাড়তলীর সাগরিকায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে। খেলা চলাকালে কিছু দর্শক সাকিব আল হাসানের ছবি ও প্লাকার্ড প্রদর্শন করলে কিছু জুলাইযোদ্ধা আপত্তি জানান। তারা মনে করেন, এটি খেলার পরিবেশ নষ্ট করছে। প্রথমে বিষয়টি কথাকাটাকাটির মধ্যে সীমাবদ্ধ থাকলেও পরে একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুনরায় প্লাকার্ড প্রদর্শনের সময় জুলাইযোদ্ধারা বাধা দিলে বিপরীত পক্ষ ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে তাদের ওপর হামলা চালায়। এতে স্টেডিয়াম এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে— মো. মেহেদী (২৭), সোলাইমান স্বপন (২৮) এবং নুরুল হুদা (২৫)। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাহাড়তলী থানার ডিউটি অফিসার এএসআই বেল্লাল হোসেন বলেন, “স্টেডিয়ামে হাতাহাতির ঘটনায় আমরা ছয়জনকে হেফাজতে নিয়েছি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। কেউ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার পর স্টেডিয়াম এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয়রা জানান, এমন ঘটনায় আন্তর্জাতিক ম্যাচের আনন্দ ম্লান হয়ে যায়, যা ভবিষ্যতে এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন