নামাজটি মোট চার রাকাত, প্রতিটি রাকাতে ৭৫ বার তাসবিহ পাঠ করতে হয়। এতে দাঁড়িয়ে, রুকুতে, সিজদা ও বসার অবস্থায় নিয়ম অনুসারে তাসবিহ পাঠ করতে হয়। হাদিসে এই নামাজের পদ্ধতি বিস্তারিত বর্ণিত আছে এবং এটি হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে প্রমাণিত।
তাসবিহের উচ্চারণ:
সুবহানাল্লাহি, ওয়াল হাম্দু লিল্লাহি, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার।
অর্থ: ‘আল্লাহ পবিত্র, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আল্লাহ সর্বশ্রেষ্ঠ।’
নামাজের সময় যদি কোনো স্থানে তাসবিহ ভুলে পড়া হয় বা কম পড়া হয়, পরে তা পূরণ করা যায়। এছাড়া সিজদায়ে সাহুতে তাসবিহ পড়ার প্রয়োজন নেই। দ্বিতীয় রাকাতে তাশাহুদে বসার সময় প্রথমে ১০ বার তাসবিহ পড়া হয়, এরপর তাশাহুদ। তৃতীয় ও চতুর্থ রাকাতেও একই নিয়মে তাসবিহ পাঠ করতে হয়।
হাদিস অনুযায়ী, সালাতুত তাসবিহের আদায় সর্বোত্তম নিয়ম হলো প্রতিদিন একবার। তা সম্ভব না হলে প্রতি জুমারবার একবার, না পারলে প্রতি মাসে একবার, এবং শেষ পর্যন্ত জীবনে অন্তত একবার নামাজটি আদায় করা উত্তম।
চার রাকাত নামাজে মোট ৩০০ বার তাসবিহ পাঠের মাধ্যমে বান্দা আল্লাহর প্রশংসা করে, নিজের গুনাহের মাফের আশা রাখে এবং সওয়াব অর্জন করে। সালাতুত তাসবিহ নফল ইবাদতের মধ্যে এক গুরুত্বপূর্ণ নামাজ হিসেবে গণ্য।