মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় কলকাতার নিউ মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, বুলডোজারে দলীয় পতাকা লাগিয়ে একটি মিছিল বের করা হয় এবং ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে দিতে একাধিক দোকান ও অফিসে ভাঙচুর চালানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় থাকা কয়েকটি মাংসের দোকান এবং একটি রাজনৈতিক কার্যালয় পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের উপস্থিতি থাকলেও তাৎক্ষণিকভাবে কোনো হস্তক্ষেপ দেখা যায়নি বলে অভিযোগ ওঠে।
এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক তৈরি হয় এবং অনেক ব্যবসায়ী দোকান বন্ধ করে নিরাপদ স্থানে চলে যান। দীর্ঘদিনের ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন বলে জানা গেছে।
একই সময়ে মুর্শিদাবাদের জিয়াগঞ্জ এলাকায় লেনিনের একটি পুরনো মূর্তি ভাঙচুরের অভিযোগও উঠে, যা নিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যও চলছে।
তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে পরিকল্পিত সহিংসতা হিসেবে আখ্যা দিয়ে কঠোর সমালোচনা করেছে।
অন্যদিকে বিজেপি নেতৃত্ব কর্মীদের সংযত থাকার নির্দেশ দিয়েছে এবং দলীয়ভাবে ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
নির্বাচন-পরবর্তী সহিংসতা নিয়ে রাজ্যজুড়ে এখনো উদ্বেগ বিরাজ করছে, পরিস্থিতি ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে বিভিন্ন এলাকায়।