কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২৬ আগস্ট) এক বাণীতে তিনি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, “জাতীয় কবিকে আমি অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা জানাই এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করি।”
তিনি আরও বলেন, অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, মানবতা, প্রেম ও সাম্যের অগ্নিশিখা হয়ে কবি নজরুল বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। শৈশব থেকে সংগ্রামী জীবনের কারণে তাঁর কলমে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ছিল সহজাত। নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়িয়ে তিনি শোষকদের বিরুদ্ধে বিদ্রোহের বার্তা ছড়িয়েছেন। কবিতা, গান, গল্প, উপন্যাস ও প্রবন্ধে নজরুল শুধু সাহিত্যকে সমৃদ্ধ করেননি, বরং শোষিত মানুষের মুক্তির পথ দেখিয়েছেন। এ কারণেই তিনি বিদ্রোহী কবি হিসেবে খ্যাতি পেয়েছেন।
তারেক রহমান বলেন, নজরুলের সৃষ্টিকর্ম শুধু সাহিত্য নয়, বাংলার স্বাধীনতা সংগ্রাম, ’৯০-এর গণআন্দোলন কিংবা সাম্প্রতিক গণঅভ্যুত্থানেও মানুষের জন্য শক্তির উৎস হয়েছে। তাঁর গান ও কবিতা যুগে যুগে অধিকারহারা মানুষকে প্রতিবাদে উদ্বুদ্ধ করেছে এবং ভবিষ্যতেও করবে।
তিনি আরও উল্লেখ করেন, “মানব প্রেম ও কল্যাণে আত্মনিবেদিত এক অনন্য দৃষ্টান্ত কবি নজরুল। তাঁর রচনা আমাদের স্বদেশপ্রেম ও মানবসেবায় চিরকাল প্রেরণা জোগাবে।”