সোমবার (১৪ সেপ্টেম্বর) ইতালি থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ইতালির চলচ্চিত্র উৎসবে গিয়ে হামলার ঘটনায় দেশটির পুলিশ ও সরকারের সহযোগিতার কথা তুলে ধরে বাঁধন বলেন, ইতালির পুলিশ তাকে সার্বক্ষণিক নিরাপত্তা দিয়েছে। দেশটির সরকার, রাষ্ট্রদূত, সংস্কৃতি মন্ত্রণালয় এবং ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল কর্তৃপক্ষও তাকে সহযোগিতা করেছে।
ইতালিতে বাংলাদেশি প্রবাসীদের একাংশের হামলার প্রসঙ্গে তিনি বলেন, কয়েকজন প্রবাসী বাংলাদেশি তার ওপর হামলা ও দুর্ব্যবহার করেছেন, যা বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের সমর্থকদের উদ্দেশে বাঁধন বলেন, দলকে ভালোবাসা বা সমর্থন করা যেতে পারে, তবে অন্ধ সমর্থন করা উচিত নয়। আইনি সাজা হলে নেতাদের চেয়ে তাদের পরিবারই বেশি ক্ষতিগ্রস্ত হবে। বড় নেতারা দেশে-বিদেশে স্বাচ্ছন্দ্যে থাকলেও কর্মীদের কষ্টের বিষয়টি তাদের বিবেচনা করা উচিত।
তিনি প্রবাসীদের উদ্দেশে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, তাদের পাঠানো অর্থ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এমন কোনো কাজ করা উচিত নয়, যা নিজেদের জন্যও বিপদ ডেকে আনে।
এ সময় নিজের প্রতি দেশবাসী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রী ও প্রবাসী বাংলাদেশিদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান বাঁধন। পাশাপাশি ইতালিতে হামলাকারীদের সমালোচনা করে তিনি বলেন, সরাসরি তার গায়ে হাত তোলার মতো ঘটনা বন্ধ হওয়া প্রয়োজন। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে হামলাকারীরাই নিজেদের অবস্থানকে অনিরাপদ করে তুলছেন।