বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন দীর্ঘ সাত মাস ধরে ব্রেন টিউমারে ভুগছেন। বর্তমানে তিনি লন্ডনে চিকিৎসাধীন। বুধবার (১ অক্টোবর) নিসচার এক সংবাদ সম্মেলনে কানাডা থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তার ছেলে মিরাজুল মইন জয় এ তথ্য নিশ্চিত করেন।
জানানো হয়, বছরের শুরুতে কাঞ্চনের শারীরিক অবস্থার অবনতি ঘটে। কথা বলতে গিয়ে জড়তা, স্মৃতিশক্তি দুর্বলতা ইত্যাদি সমস্যায় ভুগতে থাকেন তিনি। গত ৯ এপ্রিল তাকে ঢাকার ধানমন্ডির আনোয়ার খান মডার্ণ হাসপাতালে ভর্তি করা হয়। মাথার এমআরআই রিপোর্টে ব্রেন টিউমার ধরা পড়ে।
এরপর ১৩ এপ্রিল তাকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্সে স্থানান্তর করা হয়। বিশেষজ্ঞ বোর্ড জানান, টিউমারটি মস্তিষ্কের গভীরে গুরুত্বপূর্ণ নার্ভের সংযোগস্থলে থাকায় অস্ত্রোপচার ঝুঁকিপূর্ণ। পরিবার সিদ্ধান্ত নেয় উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার। ২৬ এপ্রিল তিনি লন্ডনে যান এবং হারলি স্ট্রিট ক্লিনিকে চিকিৎসা শুরু হয়।
দীর্ঘ পরীক্ষার পর গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার ব্রেন সার্জারি সম্পন্ন হয়। চিকিৎসকরা জানান, টিউমারের পুরোটা অপসারণ করা সম্ভব নয়, তাই আংশিক অংশ সরানো হয়। অবশিষ্ট অংশকে রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
আগামী কিছুদিনের মধ্যেই শুরু হবে ছয় সপ্তাহব্যাপী রেডিয়েশন ও কেমোথেরাপি। সপ্তাহে পাঁচ দিন ধরে মোট ৩০ দিন এই চিকিৎসা চলবে। এরপর আরও চার সপ্তাহ তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন।