দেশে ডেঙ্গু পরিস্থিতি এখনও উদ্বেগজনক অবস্থায় রয়েছে। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু রেকর্ড হয়েছে। একই সময়ে নতুন করে ৬৩৩ রোগী সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, ঢাকার বাইরে বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের সিটি করপোরেশন বহির্ভূত এলাকায় আক্রান্তের সংখ্যা তুলনামূলক বেশি। ঢাকা উত্তর সিটিতে ১৩৬ এবং দক্ষিণ সিটিতে ৮১ জন নতুন রোগী ভর্তি হয়েছে। এছাড়া বরিশালে ৮২, চট্টগ্রামে ৮৬, ঢাকার বাইরের জেলায় ১২৬, খুলনায় ৪৭, ময়মনসিংহে ৪০, রাজশাহীতে ২৩, রংপুরে ৬ এবং সিলেটে ৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯১ হাজার ৬০২–এ, যেখানে পুরুষ রোগীর হার ৬২.৪ শতাংশ এবং নারী রোগীর হার ৩৭.৬ শতাংশ।