বুধবার (১৩ মে) স্বাস্থ্য অধিদফতরে আয়োজিত এক ব্রিফিংয়ে মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস জানান, বিশ্বজুড়ে সংক্রমণ বাড়লেও বাংলাদেশে টিকাদান কার্যক্রমের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। সরকারের নির্দেশনায় দেশব্যাপী সমন্বিতভাবে এই ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
ক্যাম্পেইনের প্রথম ধাপ শুরু হয় ৫ এপ্রিল ৩০টি উপজেলা ও ১৩টি পৌরসভায়। এরপর ধাপে ধাপে এটি সিটি কর্পোরেশনসহ সারাদেশে সম্প্রসারিত হয়। স্বাস্থ্য অধিদফতর জানায়, প্রথম পর্যায়ের এলাকাগুলোতে সংক্রমণ আগের তুলনায় কমে এসেছে।
মহাপরিচালক আরও বলেন, টিকা গ্রহণের পর রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে কয়েক সপ্তাহ সময় লাগে, তাই সামনে সংক্রমণ আরও কমে আসার আশা করা হচ্ছে। তিনি টিকাবঞ্চিত শিশুদের দ্রুত ক্যাম্পেইনের আওতায় আনার আহ্বান জানান।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, টিকাদান কার্যক্রম জোরদার করতে মোবাইল টিম, বিশেষ সেশন এবং প্রচার কার্যক্রমও চালানো হচ্ছে। পাশাপাশি ইউনিসেফের সহায়তায় বিপুল পরিমাণ ভ্যাকসিন সংগ্রহ করা হচ্ছে, যা আগামী দিনগুলোতে সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী করবে।