শুক্রবার (৫ জুন) রাজধানীর দলীয় কার্যালয়ে ‘বাংলাদেশ টু পয়েন্ট জিরো : সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি’ শীর্ষক অনুষ্ঠানে এই বাজেট প্রস্তাব তুলে ধরা হয়।
দলটির পক্ষ থেকে জানানো হয়, প্রস্তাবিত ছায়াবাজেটে ১২টি খাতকে গুরুত্ব দিয়ে মোট ৭১টি সুপারিশ অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের দাবি, এই বাজেটের মূল লক্ষ্য হচ্ছে বাস্তবমুখী অর্থনৈতিক পরিকল্পনার মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা।
অনুষ্ঠানে বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, দেশের মানুষ এখন কেবল পরিসংখ্যাননির্ভর বা নামসর্বস্ব বাজেট দেখতে চায় না। জনগণ এমন একটি বাজেট প্রত্যাশা করে, যার সুফল সরাসরি মানুষের জীবনে প্রতিফলিত হবে।
বর্তমান সরকারের হাতে যে অর্থনীতি এসেছে, সেটিকে তিনি “লুটপাটনির্ভর ও ক্যাপাসিটি চার্জনির্ভর অর্থনীতি” বলে মন্তব্য করেন। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংক বাংলাদেশ সংশ্লিষ্ট সাম্প্রতিক ঘটনাগুলো নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। পাশাপাশি এসব পরিস্থিতি দেশের অর্থনীতির জন্য স্বস্তিদায়ক নয় বলে মন্তব্য করেন।
এ সময় বাজেটের প্রতিটি টাকার কার্যকর ব্যবহার নিশ্চিত করে তার সুফল যেন সাধারণ মানুষের কাছে পৌঁছায়, সেই প্রত্যাশার কথাও তুলে ধরেন হাসনাত আব্দুল্লাহ।