সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপি নেতারা এসব অভিযোগ তোলেন। তারা বলেন, রাজনৈতিক দলগুলোর প্রস্তাব অনুযায়ী জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত করেনি সরকার। এ অবস্থায়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি তারা আহ্বান জানান—জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে পরিষ্কার নির্দেশ জারি করার জন্য।
সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন অভিযোগ করেন, “সরকার সনদ নিয়ে সাপলুডুর খেলায় মেতেছে। তাদের ভেতরের একটি অংশ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত।” তিনি বলেন, সরকার গণভোটসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো রাজনৈতিক দলগুলোর উপর ঠেলে দিয়ে নিজেদের দায়িত্ব এড়াতে চাইছে।
এসময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “দলীয় মতামতে আমরা মনে করি, গণভোটের পথে না গিয়ে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নই সবচেয়ে কার্যকর সমাধান।” তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তিন আসনে প্রার্থী হওয়ায় শুভেচ্ছা জানিয়ে বলেন, “এটি গণতন্ত্রকে আরও শক্তিশালী করার এক ইতিবাচক দৃষ্টান্ত।”
তিনি আরও বলেন, “জুলাই অভ্যুত্থানের পর যেভাবে সংস্কারের পথে অগ্রগতি হয়েছে, এবার সময় এসেছে বাস্তবায়নের। এতে দেশের রাজনৈতিক সংস্কৃতি আরও সুসংগঠিত হবে।”