আজ বুধবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিজয় র্যালি পূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় দেশের সার্বিক কল্যাণে কাজ করতে সবার সহযোগিতা ও সমর্থনও কামনা করেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় স্বার্থে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বলেছেন, "গণতন্ত্রের পক্ষে থাকা রাজনৈতিক দলগুলোর মধ্যে যেন মুখ দেখাদেখিও বন্ধ না হয়—এমন পরিস্থিতি এড়াতে আমাদের সবাইকে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হওয়া জরুরি। প্রয়োজন, প্রয়োজন এবং প্রয়োজন। কারণ, আমি বিশ্বাস করি—ধর্ম, মত, দর্শন যার যার, কিন্তু রাষ্ট্র আমাদের সবার।"
নাগরিকদের উদ্দেশে তারেক রহমান বলেন, "নিরাপদ বাংলাদেশ গড়ার সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে। দেশের জনগণের কাছে উদাত্ত আহ্বান জানাই—ফ্যাসিবাদের সময় আমরা নিরাপদ ছিলাম না, আমাদের সন্তানরাও নিরাপদ ছিল না। ভোটের অধিকার ছিনিয়ে নেয়া হয়েছিল, পুরো বাংলাদেশকে বন্দিশালায় পরিণত করা হয়েছিল। আইনের শাসন ও গণতন্ত্রের অনুপস্থিতিতেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল।"
তিনি আরও বলেন, "২০২৪ সালের আন্দোলন আমাদের সামনে একটি ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে। যদি আমরা এই সুযোগ কাজে লাগিয়ে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে পারি, তবে ভবিষ্যতে আর কেউ ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করার সাহস পাবে না। দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না। আর কোনো রক্তাক্ত চব্বিশ আমাদের দেখতে হবে না।"
বিজয় র্যালির তাৎপর্য ব্যাখ্যা করে তিনি বলেন, "পতিত ও পলাতক ফ্যাসিস্টদের শাসনামলে যে অন্ধকারের রাজত্ব কায়েম হয়েছিল, আজকের এই বিজয় মিছিল সেই অন্ধকার থেকে মুক্তির, আলোর পথে যাত্রার প্রতীক।"