বুধবার (২৯ জুলাই) হবিগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
প্রশাসনের আদেশে বলা হয়েছে, এনসিপি হবিগঞ্জ পৌর এলাকায় বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রার ঘোষণা দিয়েছে। একই সময় ও একই স্থানে হবিগঞ্জ সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং জেলা ছাত্রদল শান্তি প্রতিষ্ঠার সমাবেশ ও অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়। দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ও সংঘর্ষের আশঙ্কা রয়েছে। এতে জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কাও করছে প্রশাসন।
এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা ও জনশান্তি বজায় রাখতে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারার আওতায় হবিগঞ্জ পৌর এলাকায় পাঁচ বা তার বেশি মানুষের জমায়েত, সভা, মিছিল, শোভাযাত্রা, অবস্থান, পিকেটিং, মাইকিং ও স্লোগানসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে এমন সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।
প্রশাসনের নির্দেশনা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। একই সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
এদিকে ১৪৪ ধারা বাস্তবায়নে হবিগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার অভিযোগ ওঠে। এর প্রতিবাদে এনসিপি কর্মসূচি ঘোষণা করলে একই সময়ে বিএনপির পক্ষ থেকেও কর্মসূচি দেওয়া হয়। দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে শহরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করে প্রশাসন।