পুরুষ বিভাগে সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট-জার্মেইন (পিএসজি)। ক্লাবটির ৯ জন খেলোয়াড় মনোনীত হয়েছেন, যার মধ্যে রয়েছেন ওসমান ডেম্বেলে, আক্রম হাকিমি, জিয়ানলুইজি ডোনারুমা, ফাবিয়ান রুইজ, ভিটিনহা, জোয়াও নেভেস, নুনো মেন্ডেস, খভিচা ক্রাভাতসখেলিয়া এবং দেজিরে দোয়ে। এ ছাড়াও লা লিগা ও প্রিমিয়ার লিগের বেশ কয়েকজন তারকাও তালিকায় স্থান পেয়েছেন।
এফসি বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল এই তালিকায় সবচেয়ে আলোচিত নাম। তার সঙ্গে মনোনয়ন পেয়েছেন পেদ্রি, রাফিনহা ও রবার্ট লেভানডভস্কি। রিয়াল মাদ্রিদের জুড বেলিংহ্যাম, ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড, লিভারপুলের মোহাম্মদ সালাহ ও ইন্টার মিলানের লাওতারো মার্টিনেজকেও মনোনয়নে দেখা গেছে। স্কটল্যান্ডের স্কট ম্যাকটমিনে দীর্ঘদিন পর দেশের প্রতিনিধিত্ব করছেন ব্যালন ডি’অরের মঞ্চে।
নারী বিভাগেও স্প্যানিশদের দাপট লক্ষ্যণীয়। এ তালিকায় রয়েছেন আইতানা বনমাতি, আলেক্সিয়া পুতেয়াস, মারিওনা ক্যালদেন্তে, ক্লাউদিয়া পিনা, পাত্রি গুইহারো এবং এস্তার গঞ্জালেস। ইংল্যান্ডের লুসি ব্রোঞ্জ, হান্নাহ হ্যাম্পটন ও ক্লোই কেলি, ব্রাজিলের মার্তা এবং জাম্বিয়ার বার্বারা বান্দার নামও তালিকায় রয়েছে।
বর্ষসেরা কোচ বিভাগে পুরুষদের মধ্যে মনোনয়ন পেয়েছেন পিএসজির লুইস এনরিক, বার্সেলোনার হানসি ফ্লিক, নাপোলির আন্তোনিও কন্তে, চেলসির এনজো মারেস্কা এবং লিভারপুলের আর্নে স্লট। নারী কোচদের মধ্যে মনোনীত হয়েছেন ইংল্যান্ডের সারিনা উইগম্যান, আর্সেনালের রেনি স্লেগার্স এবং চেলসির সোনিয়া বমপাস্তর। বর্ষসেরা ক্লাবের মনোনয়নে পুরুষ বিভাগে রয়েছে বার্সেলোনা, পিএসজি, চেলসি, লিভারপুল ও বোটাফোগো; আর নারী বিভাগে রয়েছে আর্সেনাল, বার্সেলোনা, চেলসি, লিয়ঁ এবং অরল্যান্ডো প্রাইড।
ব্যালন ডি’অরের পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ২২ সেপ্টেম্বর, ফ্রান্সের প্যারিসে অবস্থিত থিয়েটার দু শাতেলেতে। তরুণ প্রতিভাদের উত্থান ও কিংবদন্তিদের অবসানের বার্তা নিয়ে এবারের মনোনয়ন তালিকাটি ফুটবল বিশ্বে নতুন এক অধ্যায়ের সূচনা করল বলেই মনে করছেন বিশ্লেষকরা