মঙ্গলবার রাতে চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করে এগিয়ে যায় অরল্যান্ডো। ক্রোয়েশিয়ান মিডফিল্ডার মারকো পাশালিচের শটে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় দলটি।
তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ইন্টার মায়ামি। ৭৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান লিওনেল মেসি। এর আগে অরল্যান্ডোর ডিফেন্ডার ডেভিড ব্রেকালো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন।
শেষ সময়ে মেসির জাদুতে ফের উত্তেজনা ছড়ায় ম্যাচে। ৮৮ মিনিটে জর্দি আলবার পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করে মায়ামিকে এগিয়ে দেন আর্জেন্টাইন তারকা। এরপর যোগ করা সময়ে লুইস সুয়ারেজের সঙ্গে ওয়ান-টু করে বল জালে জড়ান তেলাস্কো সেগোভিয়া। ফলে ৩-১ ব্যবধানেই নিশ্চিত হয় মায়ামির জয়।
এই জয়ে শুধু ফাইনালেই ওঠেনি ইন্টার মায়ামি, নিশ্চিত করেছে ২০২৬ সালের কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে খেলার সুযোগও।
মায়ামির প্রতিপক্ষ হবে লিগস কাপের অন্য সেমিফাইনালের বিজয়ী—লা গ্যালাক্সি অথবা সিয়াটল সাউন্ডার্স। অন্যদিকে অরল্যান্ডো সিটি লড়বে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে।
ম্যাচ শেষে ফুটবল বিশ্লেষকরা বলছেন, “এটি ছিল নিখুঁত এক মেসি মাস্টারক্লাস। সঙ্কটময় মুহূর্তে যে কোনো ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা তাঁর আগের মতোই অটুট।”