এশিয়ান কাপ বাছাইয়ে আজ বাংলাদেশের জন্য রাতটি হতে পারে নির্ধারক। রাত ৮টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও হংকং-চায়না। জয় মানেই আশা জিইয়ে রাখা, আর হার মানেই শেষ হয়ে যাওয়া ৪৫ বছরের অপেক্ষা।
ফিফা র্যাঙ্কিংয়ে ৩৮ ধাপ এগিয়ে থাকা হংকংয়ের বিপক্ষে ম্যাচটি নিঃসন্দেহে কঠিন চ্যালেঞ্জের। তবে বাংলাদেশের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা জানিয়েছেন, দল আত্মবিশ্বাসী এবং প্রতিপক্ষের দুর্বলতা কাজে লাগিয়ে সেরা পারফরম্যান্স দেখাতে প্রস্তুত। অধিনায়ক জামাল ভূঁইয়াও বিশ্বাস রাখছেন দলের সক্ষমতায়।
ম্যাচের আগে এক মন্তব্যে উত্তাপ ছড়ান হংকংয়ের কোচ অ্যাশলে ওয়েস্টউড। সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “হামজা যদি আমার দলে থাকত, তাকে বেঞ্চে রাখতাম।” তার এমন মন্তব্যে বাংলাদেশ শিবিরে বাড়তি প্রেরণা জুগিয়েছে।
আজকের ম্যাচে বাংলাদেশ দলে থাকছেন লেস্টার সিটি তারকা হামজা চৌধুরি, যিনি রক্ষণ ও আক্রমণ উভয় দিকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। কানাডার হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলা শমিত সোম এবং ইতালিপ্রবাসী ফাহামিদুলও মাঝমাঠে দলকে শক্তি দেবেন বলে আশা সমর্থকদের।
তবে ইনজুরিতে মাঠের বাইরে তপু বর্মণ, যা রক্ষণভাগে কিছুটা চাপ বাড়িয়েছে। তবুও, দল জয়ের আশায় উজ্জীবিত।
আজ রাতের ম্যাচ বাংলাদেশের জন্য শুধু তিন পয়েন্টের লড়াই নয়—এটি একটি স্বপ্ন, আত্মমর্যাদা ও ৪৫ বছরের অপেক্ষার পরীক্ষা।