শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থায় সমতা ও মূল্যায়নের মান নিশ্চিত করতে অভিন্ন প্রশ্নপত্রের মাধ্যমে পরীক্ষা আয়োজন করা হবে। পাশাপাশি প্রাথমিক স্তরে ভর্তি প্রক্রিয়া আরও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ কারণে প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষার পরিবর্তে সীমিত ও সহজ প্রক্রিয়া অনুসরণ করা হবে এবং কোচিংনির্ভর প্রতিযোগিতামূলক পরীক্ষার সুযোগ রাখা হবে না।
তিনি আরও জানান, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশে আয়োজিত স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনভিত্তিক বিভিন্ন কর্মসূচির চূড়ান্ত পর্ব আগামী ২৯ জুন চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, আগামী শনিবার অনুষ্ঠিতব্য প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, সরকার এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায়, যা শুধু সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং শিক্ষার্থীদের বাস্তব জীবনের দক্ষতা ও নাগরিক মূল্যবোধ বিকাশে সহায়ক হবে।
তিনি জানান, শিক্ষার্থীদের আনন্দমুখর পরিবেশে শেখার সুযোগ বাড়াতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচি প্রথমে ষষ্ঠ শ্রেণিতে চালু করা হবে। পরে ধাপে ধাপে এটি অন্যান্য শ্রেণিতেও সম্প্রসারণ করা হবে।
এ ছাড়া দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে গণিত ও বিজ্ঞান ল্যাব স্থাপন এবং খেলাধুলার সুযোগ বৃদ্ধি নিয়েও পরিকল্পনা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।