শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, আগামী সপ্তাহ থেকেই এ পদ্ধতি চালু করার পরিকল্পনা রয়েছে।
নতুন ব্যবস্থায় শনিবার, সোমবার ও বুধবার সশরীরে ক্লাস অনুষ্ঠিত হবে। অন্য দিনগুলোতে শিক্ষার্থীরা অনলাইনে পাঠ গ্রহণ করবে, যেখানে শিক্ষকরা নিজ নিজ প্রতিষ্ঠান থেকেই ক্লাস পরিচালনা করবেন। শুক্রবার সাপ্তাহিক ছুটি হিসেবে বহাল থাকবে।
শিক্ষামন্ত্রী জানান, জ্বালানি সংকট মোকাবিলা, তীব্র যানজট কমানো এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে শিক্ষার্থীসংখ্যা বেশি এমন প্রতিষ্ঠানগুলোতে এটি চালু করা হবে।
তবে তিনি স্পষ্ট করেন, সব প্রতিষ্ঠানের জন্য এটি বাধ্যতামূলক নয়। যেসব শিক্ষা প্রতিষ্ঠান এই পদ্ধতি কার্যকরভাবে পরিচালনা করতে পারবে, সেখানেই এটি বাস্তবায়ন করা হবে। শিক্ষাব্যবস্থার স্বাভাবিক ধারায় যেন কোনো ব্যাঘাত না ঘটে, সে বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
এই উদ্যোগ সফল হলে ধীরে ধীরে দেশের অন্যান্য এলাকাতেও একই পদ্ধতি চালুর সম্ভাবনা রয়েছে।