শুক্রবার (৬ মার্চ) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে কর্মশালার উদ্বোধন করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন নির্বাচিত এমপিদের সংসদের কার্যপ্রণালি, বিল–বাজেট ও স্থায়ী কমিটির কাজ সম্পর্কে ধারণা দেওয়াই এই উদ্যোগের লক্ষ্য।
কর্মশালায় সাবেক আমলা, একাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যরা প্রশিক্ষক হিসেবে থাকবেন। তারা সংসদ সদস্যদের দায়িত্ব, মন্ত্রিসভার সদস্যদের সংসদীয় আচরণ এবং মন্ত্রণালয় পরিচালনার কৌশল নিয়ে দিকনির্দেশনা দেবেন।
প্রথম দিনে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রথম সেশন অনুষ্ঠিত হবে। মধ্যাহ্ন বিরতির পর বিকেল আড়াইটায় শুরু হয়ে দ্বিতীয় সেশন চলবে সাড়ে ৪টা পর্যন্ত। এতে রংপুর, রাজশাহী, ঢাকা ও ফরিদপুর বিভাগের কয়েকজন সংসদ সদস্য অংশ নেবেন।
দ্বিতীয় দিন ৭ মার্চ সকালে ঢাকা জেলা, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের এবং ফরিদপুর জেলার বাকি এমপিরা অংশ নেবেন। বিকেলের সেশনে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন।
দলীয় সূত্র জানায়, নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন, স্থানীয় উন্নয়ন কার্যক্রম তদারকি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাজ পর্যবেক্ষণে সংসদ সদস্যদের ভূমিকা জোরদারের বিষয়েও আলোচনা হবে। পাশাপাশি দুর্নীতি প্রতিরোধ, সুশাসন ও সরকারি কাজে স্বচ্ছতা নিশ্চিত করার কৌশল নিয়েও দিকনির্দেশনা দেওয়া হবে।
এরই মধ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ১২ মার্চ বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। নতুন সংসদ শুরু হওয়ার আগেই নবনির্বাচিত এমপিদের প্রস্তুত করতে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।