শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল তিনটার দিকে শুরু হয় তাদের এই পদযাত্রা।
মাঠপর্যায়ে দেখা গেছে, প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে দিতে যমুনার দিকে এগোচ্ছিলেন। কিন্তু পুলিশের ব্যারিকেডে তারা থেমে যেতে বাধ্য হন। এ সময় কিছু অংশগ্রহণকারীকে ব্যারিকেড সরাতে গিয়ে টানাহেঁচড়া ও পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়াতে দেখা যায়।
চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের ব্যানারে চলা এই কর্মসূচি টানা পাঁচ দিন ধরে চলছে। সংগঠনটি ১৯ অক্টোবর থেকে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান কর্মসূচি শুরু করে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে প্রায় ৪০–৫০ জন প্রতিবন্ধী গ্র্যাজুয়েট থালা–বাটি নিয়ে প্রতীকী ‘ভুখা মিছিল’ করেন।
সংগঠনের আহ্বায়ক মো. আলী হোসেন বলেন,“আমরা শান্তিপূর্ণভাবে যমুনার দিকে যাচ্ছিলাম, কিন্তু পুলিশ আমাদের আটকে দিয়েছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।”
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব আলিফ হোসেন, ডাকসুর সদস্য ও যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শেখ কামরুজ্জামান, আব্দুল ওয়াহেদ, কামাল হোসেন পিয়াস এবং প্রতিনিধি আজাদ হোসেন।