শুক্রবার (২১ আগস্ট) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল এসব কথা বলেন।
জয়সওয়াল জানান, পশ্চিম এশিয়ার সামগ্রিক পরিস্থিতির ওপর ভারত ঘনিষ্ঠভাবে নজর রাখছে। নির্দিষ্ট করে মক্কা প্রতিরক্ষা চুক্তির প্রসঙ্গে তিনি বলেন, চুক্তিটি ভারতের জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য কী ধরনের প্রভাব তৈরি করতে পারে, সেটিকে গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করা হচ্ছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র আরও বলেন, জাতীয় স্বার্থ রক্ষার বিষয়ে নয়াদিল্লি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। প্রয়োজন অনুযায়ী এ ক্ষেত্রে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির সম্প্রতি এক সাক্ষাৎকারে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়ার আগ্রহের কথা জানান। এর পরিপ্রেক্ষিতেই ভারতের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া এলো।
ব্রিফিংয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও প্রশ্ন করা হয়। জবাবে জয়সওয়াল বলেন, এ মুহূর্তে সফর নিয়ে নতুন কোনো তথ্য জানানোর মতো নেই। সফরের কর্মসূচি চূড়ান্ত হলে গণমাধ্যমকে তা জানানো হবে।
এদিকে গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়েও কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি জানান, ১৯৯৬ সালে ৩০ বছরের জন্য ভারত ও বাংলাদেশের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তি-সংক্রান্ত বিষয়গুলো বর্তমানে যৌথ নদী কমিশনের মাধ্যমে কারিগরি পর্যায়ে আলোচনা করা হচ্ছে।
ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গার পানিবণ্টন নিয়ন্ত্রণকারী এই চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা। মেয়াদ শেষ হওয়ার আগে চুক্তিটি পর্যালোচনার বিষয়টি নির্ধারিত রয়েছে।