আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের পর দেশটির দুর্গত জনগণের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। মানবিক সহায়তার অংশ হিসেবে জরুরি ত্রাণসামগ্রী পাঠানো হচ্ছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ থেকে পাঠানো এসব ত্রাণ আফগানিস্তানে পৌঁছাবে। এর মধ্যে রয়েছে শুকনো খাবার, শিশু খাদ্য, কম্বল, শীতবস্ত্র, তাঁবু, খাবার পানি এবং প্রয়োজনীয় ওষুধ। বৃহস্পতিবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয় জানায়, গত ১ সেপ্টেম্বর আফগানিস্তানের পূর্বাঞ্চলে আঘাত হানা ভূমিকম্পে ২ হাজার ২০০ এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন অন্তত ৩ হাজার মানুষ। একই সঙ্গে ৮ হাজারেরও বেশি ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে খাদ্য, পানি, চিকিৎসা ও আশ্রয়ের সংকটে মারাত্মক মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে।
প্রধান উপদেষ্টার নির্দেশে জরুরি ভিত্তিতে ত্রাণ পাঠানোর সিদ্ধান্ত নেয় সরকার। বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে এসব ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে। এ কার্যক্রমে প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিজিএমইএ, এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড এবং প্রাণ-আরএফএল যৌথভাবে অংশ নিয়েছে।
প্রসঙ্গত, ২০২২ সালের ভূমিকম্পের পরও বাংলাদেশ আফগানিস্তানে মানবিক সহায়তা পাঠিয়েছিল