আখতার হোসেন বলেন, “আমরা সনদের মূল নীতিমালার সঙ্গে একমত। তবে জনগণ এখনও সনদ বাস্তবায়নের প্রক্রিয়া ও এর পরিধি সম্পর্কে অজানা। এটি পরিষ্কার করতে হবে, যাতে সনদ কেবল ঘোষণা হয়ে না থেকে কার্যকরভাবে দেশের আইন ও প্রশাসনে প্রয়োগ হয়। কোনো রাজনৈতিক প্রভাব বা চাপের কারণে সনদকে কাগুজে নথিতে পরিণত করা যাবে না।”
তিনি আরও জানান, সনদ বাস্তবায়নের দায়িত্বশীলতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে জুলাই সনদকে ‘ছাব্বিশের সংবিধান’ হিসেবে ঘোষণা করার দাবি এনসিপির।
এনসিপি জোট গঠনের বিষয়ে তিনি বলেন,“জাতীয় স্বার্থে আমরা জোটের জন্য উন্মুক্ত। তবে তা তখনই হবে যখন সনদ বাস্তবায়নসহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রস্তাব কার্যকর হবে। আমাদের প্রস্তাবনা বাস্তবায়িত হলে রাষ্ট্র কাঠামোতে গুরুত্বপূর্ণ পরিবর্তন সম্ভব।”
এর আগে সকাল ১০টায় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। এনসিপির প্রতিনিধিদল নেতৃত্ব দেন আখতার হোসেন। বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
আখতার হোসেন বৈঠক শেষে সাংবাদিকদের জানান, এনসিপি সনদ বাস্তবায়নের আইনি ও প্রক্রিয়াগত নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত দেশ ও জনগণের স্বার্থে লড়াই অব্যাহত রাখবে।