হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, ফাইনালের আগে শুক্রবার নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে ফিফার এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন ট্রাম্প। এরপর রোববার মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত থেকে বিশ্বকাপের ফাইনাল দেখবেন তিনি।
লেভিটের দাবি, যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত এই বিশ্বকাপ আয়োজন দর্শক উপস্থিতি, নিরাপত্তা ও ব্যবস্থাপনার দিক থেকে স্মরণীয় হয়ে থাকবে এবং ট্রাম্পের উপস্থিতি সেই সমাপ্তিকে আরও বিশেষ করে তুলবে।
এর আগে গত জুনে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও ফাইনালে ট্রাম্পের উপস্থিতির ইঙ্গিত দিয়েছিলেন। সে সময় তিনি জানিয়েছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফাইনাল উপভোগ করার পাশাপাশি বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
বিশ্বকাপের ফাইনালে রাষ্ট্রপ্রধানদের উপস্থিতি অবশ্য নতুন কিছু নয়। রাশিয়া ও কাতার বিশ্বকাপের ফাইনালেও বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের ট্রফি প্রদান অনুষ্ঠানে দেখা গেছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এবারের বিশ্বকাপের ১০২টি ম্যাচের কোনোটিতেই ট্রাম্প বা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে দেখা যায়নি। তবে যুক্তরাষ্ট্র দলের কয়েকটি ম্যাচে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ক্রীড়াঙ্গনের বড় বড় আয়োজনগুলোতে ট্রাম্পের উপস্থিতি নতুন নয়। এর আগে সুপার বোল, ইউএস ওপেন, রাইডার কাপ, ডেটোনা ৫০০ এবং ইউএফসির বিভিন্ন ইভেন্টেও অংশ নিয়েছেন তিনি। গত বছর মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের ফাইনালেও উপস্থিত ছিলেন মার্কিন এই প্রেসিডেন্ট।