সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে বিএনপি জোট ৩৬টি, জামায়াতসহ ১১-দলীয় জোট ১৩টি এবং স্বতন্ত্র জোট ১টি আসন পাচ্ছে। মূলত জোটগত সমঝোতার ভিত্তিতেই এসব আসনে প্রার্থী নির্ধারণ হয়েছে।
এদিকে সোমবার (২০ এপ্রিল) বিএনপি তাদের ৩৬ জন প্রার্থীর তালিকা চূড়ান্ত করে। জামায়াত ও তাদের শরিকরাও ১৩ জন প্রার্থীর নাম চূড়ান্ত করেছে।
ইসির তথ্যমতে, এখন পর্যন্ত ৪৬৪ জন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন, যার মধ্যে পাঁচজন ইতোমধ্যে জমা দিয়েছেন। তাঁরা হলেন সানজিদা ইসলাম তুলি, নিলুফার চৌধুরী মনি, মাহবুবা রহমান, আনা মিনজ ও নিপুন রায় চৌধুরী। আজকের মধ্যে বাকি প্রার্থীরাও ফরম জমা দেবেন বলে আশা করা হচ্ছে।
পরবর্তী ধাপে ২২ ও ২৩ এপ্রিল মনোনয়ন যাচাই-বাছাই হবে। আপিল গ্রহণ ২৬ এপ্রিল, নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল। প্রয়োজন হলে ভোট হবে ১২ মে।
ইসি কর্মকর্তাদের ধারণা, প্রার্থিতা প্রত্যাহারের পর অনেক আসনেই প্রতিদ্বন্দ্বিতা নাও থাকতে পারে। সে ক্ষেত্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করা হতে পারে।