সাক্ষাৎকালে ওআইসি সদস্য দেশগুলোর প্রতিনিধিরা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের সঙ্গে বিভিন্ন খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন। তারা বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, টেক্সটাইল ও ওষুধ শিল্পসহ নানা ক্ষেত্রে সম্পর্ক জোরদার করার পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের শুভেচ্ছা ও সমর্থনের জন্য সরকার ও জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জানান। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকে মুসলিম দেশগুলোর সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্কের কথা স্মরণ করে ভবিষ্যতে তা আরও গভীর করার প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন এবং রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসি দেশগুলোর সহযোগিতা কামনা করেন।
বৈঠকে সৌদি আরব, তুরস্ক, ফিলিস্তিন, আলজেরিয়া, ব্রুনাই, মিশর, ইন্দোনেশিয়া, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তান, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ও হাইকমিশনার এবং ইরান, ইরাক ও লিবিয়ার মিশন প্রধানরা উপস্থিত ছিলেন।
এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্র সচিব মু. ফরহাদুল ইসলাম এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।