সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, সশস্ত্র বাহিনীর মূল উদ্দেশ্য যুদ্ধ করা নয়, বরং যুদ্ধ প্রতিরোধ করা। তার মতে, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া কার্যকর পররাষ্ট্রনীতি বাস্তবায়ন সম্ভব নয়।
বৃহস্পতিবার মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি)-এর ক্যাপস্টোন কোর্স ২০২৬/১-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সনদও প্রদান করা হয়।
তিনি বলেন, বাংলাদেশের বাণিজ্য মূলত সমুদ্রনির্ভর হওয়ায় নৌবাহিনীর সক্ষমতা বাড়ানো জরুরি। পাশাপাশি বিমানবাহিনীর আধুনিকায়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
বর্তমান বৈশ্বিক পরিস্থিতিকে চ্যালেঞ্জিং উল্লেখ করে সেনাপ্রধান জ্বালানি নিরাপত্তাকে বড় সমস্যা হিসেবে অভিহিত করেন। একমাত্র রিফাইনারির ওপর নির্ভরতা এবং দ্বিতীয় রিফাইনারি না থাকাকে তিনি সংকটের কারণ হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত ও হরমুজ প্রণালীর অস্থিরতা বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে প্রভাব ফেলছে, যার প্রভাব দেশীয় অর্থনীতিতেও পড়ে। রোহিঙ্গা সংকট সমাধানে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে তিনি ৪৫ জন ফেলোকে কোর্স সম্পন্নের জন্য অভিনন্দন জানান এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
এবারের কোর্সে সংসদ সদস্য, সামরিক–বেসামরিক কর্মকর্তা, কূটনীতিক, শিক্ষাবিদসহ বিভিন্ন খাতের প্রতিনিধি অংশ নেন। এনডিসি কর্তৃপক্ষ জানায়, এই ধরনের প্রশিক্ষণ কৌশলগত বোঝাপড়া ও জাতীয় ঐকমত্য গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।