জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, তারা আপাতত যুগপৎ আন্দোলন কিংবা রাজনৈতিক জোটে যোগ দেওয়ার বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি। শনিবার (১৩ সেপ্টেম্বর) দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াঁজো প্রধান আরিফুল ইসলাম আদীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি অনলাইন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনটি সম্পূর্ণ বিভ্রান্তিকর।
প্রতিবেদনে দাবি করা হয়েছিল, জামায়াত ও এনসিপিসহ আটটি রাজনৈতিক দল চার দফা দাবিতে যুগপৎ কর্মসূচি গ্রহণ করতে যাচ্ছে। দাবিগুলো ছিল—জুলাই সনদের বাস্তবায়ন, পূর্ণ সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, ভোটের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
এনসিপির পক্ষ থেকে স্পষ্ট করা হয়, জুলাই সনদ বাস্তবায়ন ও গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধানের বিষয়টি নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছিল বটে, তবে পূর্ণ সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থার বিষয়ে এনসিপির কোনও অবস্থান নেই। দলটি কেবলমাত্র উচ্চকক্ষে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) সমর্থন করে।
এছাড়া, সন্ত্রাস ও ফ্যাসিবাদের সহযোগী হিসেবে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিতের দাবির সাথে এনসিপি একমত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।