অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ফ্যাসিবাদের সময় থেকেই ভয়েস অব ডেমোক্রেসি (ভিওডি) কাজ করে আসছে। নানা নিপীড়ন ও প্রতিকূলতার আশঙ্কা থাকলেও প্রতিষ্ঠানটি সাহসের সঙ্গে তা মোকাবিলা করেছে। অচিরেই ভিওডি প্রথম সারির গণমাধ্যমে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, অনেক ঝড়ঝাপটা পেরিয়ে ভিওডি বাংলা দুই বছর পার করেছে। প্রতিষ্ঠানটির কর্মীরা নির্ভয়ে কাজ করছেন। তারা শুধু সরকারের প্রশংসা করে না, সমালোচনাও করে। এটি গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতার অংশ।
ভিওডি বাংলার ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল সালামকে সম্ভাবনাময় তরুণ উল্লেখ করে রিজভী বলেন, তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে দেশের প্রথম সারির গণমাধ্যমে পরিণত হবে বলে তিনি বিশ্বাস করেন।
অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ভিওডি বাংলা গণমানুষের আকাঙ্ক্ষার একটি চ্যানেলে পরিণত হয়েছে। মানুষ যে ধরনের গণমাধ্যম চায়, ভিওডি বাংলা সেই চাহিদা পূরণ করছে।
তিনি বলেন, দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে। ভিওডি বাংলা আগের মতোই মানুষের কণ্ঠস্বর হয়ে সরকারকে পথ দেখাবে বলে তিনি আশা করেন।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, ‘ভয়েস অব ডেমোক্রেসি’ নামটির মধ্যেই গণতন্ত্রের কথা রয়েছে। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই প্রতিষ্ঠানটির সৃষ্টি হয়েছে বলে তিনি মনে করেন।
তিনি বলেন, বিগত তিনটি ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে ভিওডি রাজপথের মানুষের কথা তুলে ধরেছে। আগামী দিনেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রতিষ্ঠানটি মানুষের কথা তুলে ধরবে এবং গণতান্ত্রিক বাংলাদেশকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে বলে আশা করেন তিনি।
গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী বলেন, দেশের মানুষের কথা সবার কাছে পৌঁছে দিচ্ছে ভিওডি বাংলা। প্রতিষ্ঠানটি প্রযুক্তিগতভাবেও এগিয়ে গেছে। এরই মধ্যে দেশের প্রথম হাইব্রিড টেলিভিশন হিসেবে আত্মপ্রকাশের প্রস্তুতি সম্পন্ন করেছে ভিওডি বাংলা।
ভিওডি বাংলার ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল সালাম সাগর বলেন, দুই বছরের পথচলায় ডিজিটাল কনটেন্ট ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠক-দর্শকদের মধ্যে জায়গা করে নিয়েছে ভিওডি বাংলা। বর্ষপূর্তির এই আয়োজনে অংশ নেওয়া সবাইকে শুভেচ্ছা জানান তিনি।
সন্ধ্যায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। এরপর আমন্ত্রিত অতিথি ও কলাকুশলীদের অংশগ্রহণে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, গণমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
২০২৪ সালের ১ সেপ্টেম্বর সত্য ও নির্ভরযোগ্য সংবাদ মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করে ‘ভিওডি বাংলা’। দুই বছরের পথচলায় সংবাদ, তথ্য ও মানুষের গল্পকে গুরুত্ব দিয়ে পাঠক-দর্শকদের কাছে নিজেদের একটি আলাদা অবস্থান তৈরি করেছে প্রতিষ্ঠানটি।
‘পথ দেখে, পথ দেখায়’ স্লোগানকে সামনে রেখে ভিওডি বাংলার কার্যক্রম শুধু প্রচলিত সংবাদ প্রকাশে সীমাবদ্ধ থাকেনি। ব্রেকিং নিউজ, বিশেষ প্রতিবেদন, দেশের বিভিন্ন এলাকার মানুষের কথা, সমসাময়িক ঘটনা, জাতীয় ও আন্তর্জাতিক নানা বিষয় এবং জীবনঘনিষ্ঠ গল্প তুলে ধরার পাশাপাশি যাত্রার শুরু থেকেই অনলাইনভিত্তিক টক শোর মাধ্যমে ভিন্নধারার কনটেন্ট উপস্থাপনের চেষ্টা করে আসছে ভিওডি বাংলা মিডিয়া লিমিটেড।