বুধবার (১২ নভেম্বর) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ডিবি প্রধান স্পষ্টভাবে জানান, রাজধানীতে যারা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি বা কোনো ধরনের অপতৎপরতার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনাকারীদের পাশাপাশি যারা এসব ঘটনার নেপথ্যে রয়েছে, তাদেরও গ্রেপ্তার করা হচ্ছে। এ ধারাবাহিকতায় আজও ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন উসকানি ও নির্দেশনা সম্পর্কে ডিবি সতর্ক রয়েছে বলেও জানান তিনি। তাঁর ভাষায়, “আমরা লক্ষ্য করেছি, যারা অনলাইনে নির্দেশনা দিচ্ছে, রাজপথে তাদের দেখা যায় না।”
একটি উদাহরণ টেনে তিনি বলেন, “একজন নিরীহ রিকশাওয়ালাকে ৫০০ টাকা দিয়ে স্লোগান দিতে বলা হয়েছে, পরে সেই ভিডিওটি ছড়িয়ে দেওয়া হয়েছে। বিশ্লেষণে দেখা গেছে, ওই রিকশাচালকের কোনো অপরাধমূলক রেকর্ড নেই।”
এভাবে সাধারণ মানুষকে ব্যবহার করে বিভ্রান্তি তৈরির চেষ্টা ডিবি কঠোরভাবে দমন করছে বলেও জানান শফিকুল ইসলাম।