রোববার (১৪ জুন) বৈরুতের দক্ষিণাঞ্চলীয় দাহিয়ে এলাকায় ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ কমান্ডার আলী আল-হাজ্জ নিহত হন বলে জানিয়েছে সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়া। একই দিনে দক্ষিণ লেবাননের সাইদা এলাকাতেও একাধিক বিমান হামলা চালানো হয়।
লেবাননের বেসামরিক প্রতিরক্ষা সংস্থার তথ্য অনুযায়ী, বৈরুতের উপশহর ঘোবেইরি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিনজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের দাবি, হামলার আগে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি।
এ ঘটনার পর ইরানের পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছে। খাতাম আল-আনবিয়া সদর দপ্তরের মুখপাত্র মোহাম্মদ জাফর আসাদি বলেন, বৈরুতে চালানো হামলার জবাব দেওয়া হবে। অন্যদিকে ইরানের শীর্ষ নেতা মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, এই হামলা প্রমাণ করে যুক্তরাষ্ট্র হয় তার প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তরিক নয়, অথবা তা করার সক্ষমতা নেই।
উল্লেখ্য, চলমান কূটনৈতিক আলোচনায় লেবাননে হামলা বন্ধের বিষয়টিকে গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে তুলে ধরেছিল তেহরান। এ অবস্থায় বৈরুতে নতুন হামলা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।