দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১ নভেম্বর থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে। আগে ওমরাহ ভিসার মেয়াদ ছিল তিন মাস, তবে এখন তা এক মাসে সীমিত করা হয়েছে।
তবে সৌদি আরবে প্রবেশের পর ভ্রমণকারীরা আগের মতোই তিন মাস পর্যন্ত অবস্থান করতে পারবেন। অর্থাৎ, ভিসা পাওয়ার পর এক মাসের মধ্যে দেশে প্রবেশ করতে হবে, কিন্তু প্রবেশের পর তিন মাস পর্যন্ত ওমরাহ পালন ও অবস্থান করা যাবে।
মন্ত্রণালয়ের উপদেষ্টা আহমেদ বাজায়েফা জানিয়েছেন, শীত মৌসুমে বিপুলসংখ্যক ওমরাহযাত্রী আগমনের প্রত্যাশা থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তাঁর ভাষায়, “গ্রীষ্মের পর মক্কা ও মদিনায় হাজিদের আগমন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। তাই ওমরাহ ভিসা ইস্যু ও আগমনের সময়সূচি নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রয়োগ করা হচ্ছে।”
চলতি বছরের জুনে শুরু হওয়া ওমরাহ মৌসুমে ইতোমধ্যেই চার মিলিয়নের বেশি বিদেশি হাজি সৌদি আরবে পৌঁছেছেন, যা গত বছরের পুরো মৌসুমের তুলনায় রেকর্ড প্রবৃদ্ধি।
ধর্মবিশ্লেষকরা বলছেন, এটি প্রমাণ করে বিশ্বজুড়ে মুসলমানদের মধ্যে পবিত্র ভূমি সফরের আগ্রহ ক্রমেই বাড়ছে।
সূত্র: সৌদি গ্যাজেট, দ্য ইসলামিক ইনফরমেশন