অ্যান্টার্কটিকার গৌডিয়ার দ্বীপের পোর্ট লকরয়ে ২০২৬-২৭ মৌসুমে কাজের জন্য ইতোমধ্যে ১৪ জনকে বাছাই করেছে সংস্থাটি। প্রতি মাসে ২ হাজার ৫০০ ইউরো বেতন দেওয়া হবে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ৩ লাখ টাকা। খবর মার্কার।
নির্বাচিত কর্মীদের মধ্যে আটজন পোর্ট লকরয়ে থাকবেন। তাঁদের দায়িত্বের মধ্যে পেঙ্গুইনের সংখ্যা ও চলাচল পর্যবেক্ষণের পাশাপাশি স্থানীয় জাদুঘর, পোস্ট অফিস এবং স্মারকসামগ্রীর দোকান পরিচালনা করা রয়েছে।
বাকি ছয়জন তুলনামূলক গবেষণাভিত্তিক কাজে যুক্ত থাকবেন। তাঁদের সঙ্গে স্বাস্থ্যসেবা ও পর্বতারোহণে অভিজ্ঞ পেশাজীবীরাও কাজ করবেন।
থাকতে হবে প্রতিকূল পরিবেশে
বেতন ও থাকা-খাওয়ার সুবিধা আকর্ষণীয় হলেও দ্বীপটির জীবনযাপন সহজ নয়। সেখানে নিয়মিত পানির সরবরাহ নেই, গোসলের ব্যবস্থাও সীমিত। স্বাস্থ্যসম্মত শৌচাগারের সুবিধাও পর্যাপ্ত নয়।
জাহাজে করে বড় ট্যাংকে পানি নিয়ে আসা হয়। সাধারণত সপ্তাহে একবার জাহাজ পৌঁছালে গোসলের সুযোগ মেলে। কিন্তু আবহাওয়া প্রতিকূল হলে টানা দুই সপ্তাহও কোনো জাহাজ না আসতে পারে। সে ক্ষেত্রে কর্মীদের গোসল ছাড়াই থাকতে হয়।
ইউকে অ্যান্টার্কটিক হেরিটেজ ট্রাস্টের পরিচালক ক্যামিলা নিকোল ২০২৬-২৭ মৌসুমকে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন। তাঁর মতে, জলবায়ুর দ্রুত পরিবর্তন অ্যান্টার্কটিকায় নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি করছে। অঞ্চলটির বিভিন্ন স্থানে তাপমাত্রা প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়েছে বলেও তথ্য উঠে এসেছে।